জালভোট দেয়ায় যুবলীগ নেতার এক বছরের জেল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 January 2021

জালভোট দেয়ায় যুবলীগ নেতার এক বছরের জেল


সময় ডেস্ক :
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত উপজেলা যুবলীগের সদস্য শাহাদত হোসেনকে (৩০) এক বছরের সাজা দিয়েছেন। 


শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে এলাকার দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন। এর আগে তাকে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট (অন্যের পক্ষে) দেওয়ার চেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর শাহী সুমনের এজেন্ট পারভেজকে মারপিট করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে আটক করা হয়।


আদালত সূত্র ও স্থানীয়রা জানান, সারিয়াকান্দির বাগবেড় এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাদত হোসেন উপজেলা যুবলীগের সদস্য। তার ভগ্নিপতি সিতাবুল (পাঞ্জাবি মার্কা) সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। শনিবার দুপুরে ভোট চলাকালে শাহাদত অন্যের পক্ষে জালভোট দিতে বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বুথে প্রবেশ করেন। এর আগে তিনি ওই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমনের এজেন্ট পারভেজকে মারপিট করে বুথ থেকে বের করে দেন। টের পেয়ে দায়িত্বরতরা তাকে আটক করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিস্কৃতি হাগিদক দুটি অপরাধে তাকে (শাহাদত) ছয় মাস করে এক বছরের কারাদণ্ড দেন।


সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব দাবি করেছেন, সাজাপ্রাপ্ত শাহাদত হোসেন তার সংগঠনের নন; তিনি উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক নেতা। স্থানীয়রা জানিয়েছেন, শাহাদত কাউন্সিলর প্রার্থী ভগ্নিপতি সিতাবুল ও নৌকা মার্কার মেয়র প্রার্থী মতিউর রহমানের পক্ষে জালভোট দিতে গিয়েছিলেন।


সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, কেন্দ্রে পৃথক দুটি অপরাধ করায় আদালত শাহাদত হোসেন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


No comments:

Post a Comment

Pages