নিজস্ব সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার আতিরবাড়ি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও আহত হয়েছেন ১১ জন।
নিহতরা হলেন, বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে উর্মী বেগম (১৩)। দুর্ঘটনাকবলিত বাসচালকের সহকারী আলী আছগর (৪৫)।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার আতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত ওসি আখতার হোসেন দুজন নিহতের খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনা আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় আসলে বাসটির সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। সে সময় আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ বছরের এক মেয়ে ও ৪৫ বছরের এক ব্যক্তি রয়েছেন। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

No comments:
Post a Comment