সময় ডেস্ক : সিলেটে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার ছোড়া গুলিতে ফাহিম আহমদ (১৪) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর ফাজিলচিস্ত এলাকায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক খানের প্রকাশ্যে গুলিবর্ষণে ফাহিম গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে এসএমপির দুই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে এলাকার যুব সমাজ বাধা দিলে সায়েক খান তাদের ওপর গুলি করেন। এতে ফাহিম নামে এক কিশোর গুলিবিদ্ধসহ অনেকেই আহত হন।
এদিকে, সায়েক সমর্থকদের দাবি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চলছে। সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়ে সায়েককে আহত ও তার গাড়ি ভাঙচুর করে। আত্মরক্ষার্থে তিনি গুলি ছুড়তে বাধ্য হন।
এ ব্যাপারে অ্যাডভোকেট সিবাহ উদ্দিন সিরাজ বলেন, ক্যারাম খেলা নিয়ে বিরোধ দেখা দেয়। এরপর সায়েক খান গুলি করেন এলাকার একটি রাস্তায়। তবে আমার বাসায় কেউ গুলি করেনি বলে তিনি জানান।
সিলেট মহানগর পুলিশের বিমাবন্দর থানার ওসি শাহাদৎ হোসেন জানান, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় একটি পক্ষ গুলি ছোঁড়েছে বলে শুনেছি। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি তদন্ত জানান, কলোনীর ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সায়েক নামের একজন ব্যক্তি তার এয়ারগান দিয়ে রাউন্ড গুলি করেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

No comments:
Post a Comment