সময় ডেস্ক : ওয়ারেন্টের আসামির ছুরিকাঘাতে আমির হোসেন (৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে।
এ ঘটনায় আহত মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআইকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানায়, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এএসআই আমির। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে সে ধারালো অস্ত্র নিয়ে আমির ও মণি শঙ্করের ওপর হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুসা জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আমিরের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, হঠাৎ করে আসামি মামুন এএসআই আমিরকে ছুরিকাঘাত করেছে। এতে এএসআই আমিরের মৃত্যু হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments:
Post a Comment