সেনাবাহিনীর আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুরু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 23 June 2020

সেনাবাহিনীর আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুরু

সেনাবাহিনীর আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুরু
অর্থবাণিজ্য ডেস্ক : আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স একটি জীবন বীমা কোম্পানি। এ কোম্পানি মঙ্গলবার (২৩ জুন) যাত্রা শুরু করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

তিনি জানান, এটি বাংলাদেশের প্রথম জীবন বীমা কোম্পানি যা সশস্ত্রবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি জনগণের আর্থিক ঝুঁকি নিরসন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জীবন বীমার সুবিধা দিতে সংকল্পবদ্ধ।
 

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কোম্পানিটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে তিনি আস্থা লাইফ ইন্সুরেন্সের একটি বীমা পলিসির প্রথম গ্রাহক হিসেবে নিবন্ধিত হন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের নিরাপত্তায় সদা অগ্রমান। দেশের বৃহত্তর স্বার্থে এবং প্রয়োজনে সশস্ত্রবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যরা প্রায়শই ঝুঁকিপূর্ণ দায়িত্বে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়োজিত থাকেন। বিভিন্ন দায়িত্ব পালনের সময়কালে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নানা ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে গুরুতর আহত এমনকি মৃত্যুবরণও করেছেন। প্রচলিত বীমা ব্যবস্থায় এই ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের জীবন বীমার আওতায় নেয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ অবস্থা নিরসনে উল্লেখিত ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারবর্গের আর্থিক নিরাপত্তার পাশাপাশি জনগণের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন।

বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ জীবন বীমার আওতার বাইরে। এর ফলে মোট জনগোষ্ঠীর একটি বিরাট অংশ আর্থিক ও স্বাস্থ্যজনিত সেবা ও নিরাপত্তা থেকে বঞ্চিত। জীবন বীমার আওতায় এই সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা রাখা সম্ভব হলেও বর্তমানে বীমা ব্যবস্থাপনা ও দাবি নিস্পত্তির ক্ষেত্রে স্বচ্চতা ও বিশ্বস্ততার আরো উন্নতির অবকাশ রয়েছে।

সেনাবাহিনী প্রধান বীমা শিল্পের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এছাড়া তিনি এ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আই ডি আর এ কেও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা ব্যক্ত করেন, আস্থা লাইফ বীমা খাতে চিহ্নিত সমস্যাগুলো দূর করার সব উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম, সাংগঠনিক দক্ষতা, বিশ্বস্ততা এবং স্বচ্ছতার প্রতিফলন ঘটিয়ে আস্থা লাইফ দেশের জীবন বীমা খাতকে আরো শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। এরইমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল গণি প্রথমবারের মতো ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছেন।

আস্থা লাইফ উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আধুনিক জীবন মানের নিরাপত্তার সঙ্গে সংগতিপূর্ণ ও নতুন ধারার বীমা পণ্য নিয়ে আসছে। ‘আস্থায় বিশ্বাস, আস্থায় ভবিষ্যৎ’ এই ব্রত নিয়ে গ্রাহক সেবার সর্বোচ্চ মান সুনিশ্চিত করে আস্থা লাইফ গ্রাহকদের স্বচ্ছতার সঙ্গে অবিরাম বীমা সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

No comments:

Post a Comment

Pages