সময় ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে যাত্রী কম হওয়ায় ও ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার (২০ জুন) চট্টগ্রাম থেকে সোনার বাংলা এক্সপ্রেস ও রবিবার (২১ জুন) উপকূল এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এএমএম শাহনেওয়াজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) কালিকান্ত ঘোষের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারের পক্ষ থেকে ১৫ জুন রেড জোন ও ১৬ জুন সাধারণ ছুটি ঘোষণা করায় ট্রেনে যাত্রী সংখ্যা কমে আসছে। এ জন্য সোনার বাংলা শনিবার থেকে ও উপকূল এক্সপ্রেস রবিবার থেকে সাময়িক বন্ধ থাকবে।
এদিকে পরিস্থিতির উন্নতি হলে আগের মতোই ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান। করোনার কারণে ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ৩১ মে থেকে দুটি পর্বে ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সীমিত আকারে চালানো শুরু হয়।

No comments:
Post a Comment