সময় ডেস্ক : সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বদর উদ্দিন কামরানের মৃত্যুর জন্য সিলেটবাসী প্রস্তুত ছিলাম না। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি করপোরেশনের জননন্দিত সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের মৃত্যুর খবর শোনে তার বাসায় ছুটে যান। সেখানে এসব কথা বলেন।
সোমবার (১৫ জুন) সকালে কামরানের ছড়ারপার সুগন্ধ ৬৫ নম্বর বাসায় মরহুমের ছোট ভাইসহ স্বজনদের শান্তনা দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা সিলেটবাসী এমন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু হঠাৎ শুনতে পেলাম তিনি (কামরান সাহেব) আর নেই। আমরা তাকে চিকিৎসার জন্য বিদায় দিয়েছিলাম। তার এই অসময়ে চলে যাওয়া সিলেটবাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তিনি বলেন, তিনি অজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। মানুষের প্রতি ছিল তার ভালোবাসা। তাকে ভালোবাসেন, বুকে ধারণ করেন অনেকেই। তাই শেষ সময়ে চেয়েছি নগরভবনে তার মরদেহ নিতে। কিন্তু সরকারের স্বাস্থ্যবিধি মানতে গিয়ে তাকে নগরের মানিকপীর (র.) মাজারে জানাজা শেষে দাফন করা হবে।
এরইমধ্যে দলীয়ভাবেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক মেয়র কামরানের শুভাকাঙ্খীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আপনারা যারা আসতে পারেনি। তারা মসজিদে, মন্দিরে যে যেখানে পারেন তার জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।

No comments:
Post a Comment