সময় ডেস্ক : নিলামে মসজিদের গাছের একটি পেঁপে বিক্রি হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকায়। নিলামটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে মসজিদের গাছের একটি পেঁপে নিলামে তোলা হলে প্রথমে আব্দুস সত্তার নামে এক ব্যাক্তি ৩ হাজার টাকায় এটি কিনে নিয়ে আবার মসজিদে দান করে দেন। তারপর আশরাফ মিয়া নামে আরেক ব্যক্তি ১০ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করে দেন।
এরপর আমির মেম্বার ৮ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন। পরবর্তী নিলামে শহীদ মিয়া ৭ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন। পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে নিয়ে মসজিদে দান করে দিতে থাকেন।
এভাবে শেষ পর্যন্ত পেঁপেটির মূল্য বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬২ হাজার টাকায়। কিন্তু সবাই কিনে আবার মসজিদে দান করে দেওয়ায় পেঁপেটি মসজিদে থেকে যায়।
বৃহস্পতিবার (২১ মে) গ্রামের সবাই মসজিদে ইফতার পার্টির আয়োজন করে। এই ইফতার পার্টির জন্য পেঁপেটি ৭ হাজার টাকায় কিনে নিয়ে সবাই মিলে ইফতার করেন।
মসজিদের মুসল্লী আশরাফ মিয়া জানান, পেঁপেটির সর্বমোট মূল্য দাড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার। এই পুরো টাকাটাই মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হবে।

No comments:
Post a Comment