সময় ডেস্ক : জনসচেতনতার অভাব আর গুরুত্ব না দিয়ে অবহেলার কারনে সিলেটে প্রতিদিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত একদিনে সিলেট জেলায় করোনাভাইরাসে নতুন করে আরও ৩৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৭৪ জন আক্রান্ত হলেন।
শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
আক্রান্তদের মধ্যে সিলেট সদরের ১৭ জন, কানাইঘাটের ৫ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বানাথের ৬ জন, গোলাপগঞ্জের ১ জন, বালাগঞ্জের ১ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, জকিগঞ্জের ২ জন ও জৈন্তাপুরের ২ জন।
আর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারের একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে পুলিশ, ৩ জন চিকিৎসক ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এদিকে শুক্রবার নতুন আরও ৩৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জে ৮৮, হবিগঞ্জে ১৫৬ ও মৌলভীবাজার জেলায় ৮৩ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৭০ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

No comments:
Post a Comment