সময় ডেস্ক : : বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান চালক ও তার সহকারী। পরে পুলিশ বাসটি আটক করে। তবে বাসের চালক ও তার সহকারীকে পাওয়া যায়নি। তাদের আটক করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী।
নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। তারা জামালপুর থেকে গাজীপুর যাচ্ছিলেন। মোফাজ্জল গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। নিহত অপর তিনজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে অটোররিকশার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। পরে মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

No comments:
Post a Comment