সময় ডেস্ক : : নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আদলে তৈরি এক ধরনের এক্সট্যাসি ট্যাবলেটের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবস ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্টে দেশটির কয়েকটি মাদক পরীক্ষাকেন্দ্রে এ ধরনের বড়ি জমা পড়েছিল। পরীক্ষায় সেগুলোতে অত্যন্ত উচ্চমাত্রায় পিএমএমএ (PMMA) নামে রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়। এ কারণে বড়িগুলোকে সম্ভাব্য প্রাণঘাতী বলে সতর্ক করা হয়েছে।
ট্রিমবস ইনস্টিটিউটের সতর্কবার্তায় বলা হয়, ‘কোনো অবস্থাতেই এই বড়ি সেবন করবেন না। এটি সেবনে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।’
এক্সট্যাসির প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্যাবলেটের এক পাশে ট্রাম্পের মুখাবয়ব খোদাই করা। অন্য পাশে একটি ভাঙার দাগের ওপরে ‘NL’ এবং নিচে ‘Trump’ লেখা রয়েছে। প্রতিষ্ঠানটি একই ধরনের দুটি বড়ির ছবি প্রকাশ করেছে— একটি হলুদ ও নীল রঙের, অন্যটি লাল ও সবুজ।
পিএমএমএ বা প্যারা-মেথক্সিমেথঅ্যামফেটামিন রাসায়নিকটি এক্সট্যাসির সক্রিয় উপাদান এমডিএমএর (MDMA) সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তবে এর প্রভাব তুলনামূলক দেরিতে শুরু হয় এবং অনেক সময় প্রত্যাশিত উত্তেজক অনুভূতি পাওয়া যায় না।
ট্রিমবস ইনস্টিটিউট বলছে, এ কারণেই ব্যবহারকারী মনে করতে পারেন যে ট্যাবলেটটি কাজ করছে না এবং আরো একটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন। এতে অতিরিক্ত মাত্রায় সেবনের ঝুঁকি বেড়ে যায়।
এ ধরনের বড়ি গ্রহণের কয়েক ঘণ্টা পর বমিভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শরীর অতিরিক্ত গরম হয়ে প্রাণহানিও ঘটতে পারে।
তবে এখন পর্যন্ত এসব বড়ি সেবনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ট্রিমবস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিক গ্রুথুইস।
নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও সেবন বেআইনি। তারপরও দেশটির ২০২৪ সালের সরকারি এক প্রতিবেদনে বলা হয়, পার্টিতে ব্যবহারের মাদক হিসেবে এক্সট্যাসি এখনো বেশ জনপ্রিয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে রেকর্ড প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এক্সট্যাসি সেবন করেছিলেন।
ট্রাম্পের মুখাবয়ব ব্যবহার করে এক্সট্যাসি বড়ি তৈরির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৭ সালে জার্মান পুলিশ প্রায় ৫ হাজার গাজর রঙের ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি বড়ি জব্দ করেছিল।
সূত্র : বিবিসি

No comments:
Post a Comment