সময় ডেস্ক : : পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুপুত্রকে বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার ঘটনায় অভিযুক্ত বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত ওই বাবার নাম মো. মারুফ মুন্সি। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় অভিযুক্ত মারুফ ঢাকা থেকে বাড়ি এসেছে এমন খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।’
এর আগে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার মা মাহফুজা বেগমের কাছ থেকে ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সরল বিশ্বাসে তিনি নাতিকে সাজিয়ে মারুফের সঙ্গে দেন। তবে সন্ধ্যা গড়ালেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে শিশুর মামা বাহাদুর মিয়ার মাধ্যমে যোগাযোগ করা হলে মারুফ স্বীকার করেন, তিনি তার ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। বিক্রি শেষেই ঢাকায় গিয়ে পুরোনো ফোন বদলে তিনি একটি নতুন আইফোন কিনেছেন।

No comments:
Post a Comment