সকল সুবিধার ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা : প্রধানমন্ত্রী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 July 2026

সকল সুবিধার ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা : প্রধানমন্ত্রী


সময় ডেস্ক : :
দেশের সাধারণ মানুষ, প্রান্তিক কৃষক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেন, সরকারের বিভিন্ন কল্যাণমূলক নাগরিক সুবিধা পর্যায়ক্রমে একটি একক কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে নাগরিকরা এক পরিচয় ও একটি কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।


বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।


প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র যদি নাগরিকদের প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণ ও রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডগুলো কোনো অনুগ্রহ নয়; এগুলো রাষ্ট্রের দায়িত্বের অংশ।


তিনি বলেন, ভবিষ্যতে এসব আলাদা আলাদা কার্ডের সমন্বয়ে ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা এক জায়গা থেকেই সব ধরনের সরকারি সুবিধা পাবেন।


সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের কৃষিখাত ও প্রান্তিক কৃষকদের বিষয়েও গুরুত্বারোপ করেন। নিজেকে কৃষকের সন্তান উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এই বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।


তিনি বলেন, কৃষকদের জন্য নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া থাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হবে।


জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রতি বছর গড়ে ৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করা হবে, যার মাধ্যমে প্রায় আড়াই লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


প্রধানমন্ত্রী আরও জানান, বুধবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে এবং দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে অনলাইনে সংযুক্ত থেকে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি।



No comments:

Post a Comment

Pages