বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 July 2026

বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা


সময় ডেস্ক : :
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ানোর পর এবার ধীরগতির বোলিংয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তির মুখেও পড়তে হয়েছে সফরকারীদের।


সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানের হারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয় ছিল অপরিহার্য। তবে সেখানেও ব্যর্থ হয় টাইগাররা। ১৩ রানের হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় বাংলাদেশকে জরিমানা করেছে আইসিসি।


হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে। ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।


আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করেছে বাংলাদেশ। এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট এই শাস্তি দেন।


আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, ধীরগতির ওভার রেটের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সে হিসাবে দুই ওভার কম করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।


বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইকনো চাবি, তৃতীয় আম্পায়ার পারসিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফর্স্টার মুতিৎজওয়া বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


No comments:

Post a Comment

Pages