সময় ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার সংসদে তিনি বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে বাজেটের সাধারণ আলোচনা দুই দিনেই শেষ করতে হবে। এ সময় তিনি সংসদ সদস্যদের অতিরিক্ত সময় না চাওয়ার আহ্বান জানান।
স্পিকার বলেন, নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য শেষ করতে হবে এবং সময় বাড়ানোর অনুরোধ করে তাঁকে বিব্রত না করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “মুদিদোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।”
তিনি আরও বলেন, সদস্যদের উচিত ঘড়ির দিকে খেয়াল রেখে বক্তব্য দেওয়া, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করা যায়। বাজেট অধিবেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোরভাবে সময় মেনে চলার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অধিবেশনের শুরুতে বিভিন্ন ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও স্পিকার সময়সীমা নির্ধারণ করে দেন। পরবর্তীতে বাজেট আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যদেরও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এবং অতিরিক্ত সময়ের আবেদন নাকচ করা হয়।

No comments:
Post a Comment