সময় ডেস্ক : মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ মোট ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে নতুন অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে খুচরা ও সেবা খাতের বিভিন্ন ব্যবসাকে সুনির্দিষ্ট ভ্যাট ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মুদি দোকান, কাপড় ও কসমেটিকস বিক্রেতা, কনফেকশনারি, জুতা ও হার্ডওয়্যার দোকান, প্লাস্টিক ও সিরামিক পণ্য বিক্রেতা, ইলেকট্রনিক্স পণ্যের দোকান, ফার্নিচার দোকান, রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভাণ্ডার অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া বিউটি পার্লার, ডেকোরেটরস, পেইন্ট ও স্যানিটারি পণ্যের দোকান, টাইলস ও ঢেউটিন বিক্রেতা এবং রড-সিমেন্ট ব্যবসাকেও এ তালিকায় রাখা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায় আরও সহজ ও কার্যকর করতে নির্দিষ্ট হারে সুনির্দিষ্ট কর ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেটে খুচরা পর্যায়ে পণ্য সরবরাহের ক্ষেত্রে প্রতি হাজার টাকায় নির্দিষ্ট হারে কর কেটে রাখার প্রস্তাবও রাখা হয়েছে।
সরকারের মতে, নতুন এ ব্যবস্থা কর আদায় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করবে এবং করজালের আওতা সম্প্রসারণে সহায়তা করবে।

No comments:
Post a Comment