সময় ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
শুনানি শেষে তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে।
তিনি বলেন, ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রায় ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা। এছাড়া একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া নারী কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে।
আইনজীবী আরো জানান, দীর্ঘদিন ধরে এসব বিধান কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের পর গত ১০ মার্চ আদালত একটি রুল জারি করে জানতে চান, আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেন নিশ্চিত করা হবে না।
পরে বিচারাধীন ওই রুলের শুনানির সময় ঈদযাত্রায় নারী যাত্রীদের দুর্ভোগ কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত এ নির্দেশনা দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

No comments:
Post a Comment