জাবেদ এমরান : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস। সিলেটের মাঠে করেন সেঞ্চুরি।
শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম ওভারেই বিপাকে পড়ে দল। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের করা দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার জয়। কোনো রান না করেই বিদায় নিতে হয় তাকে।
প্রথম ধাক্কার পর মুমিনুল হক ও তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ৪৪ রানের জুটি গড়লেও সেটি বড় হয়নি। অভিষিক্ত ওপেনার তানজিদ ৩৪ বলে ২৬ রান করে আউট হন।
এরপর মুমিনুল ও অধিনায়ক শান্তর জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। খুররাম শাহজাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন মুমিনুল। এরপর ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ২৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ব্যর্থ হয়েছেন। ৬৪ বলে ২৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অন্যদিকে সাত নম্বরে নেমে মেহেদি হাসান মিরাজ মাত্র ৪ রান করে আউট হলে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন লিটন দাস। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্তে ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। তাইজুল ইসলাম তাকে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন। যদিও মাত্র ১৬ রান করেন তাইজুল, তবে ৪০ বল মোকাবিলা করে লিটনের ওপর চাপ কমান তিনি।
তাইজুল আউট হওয়ার পর তাসকিন আহমেদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন লিটন। তবে তাসকিন বেশিক্ষণ টিকতে পারেননি। এরপরও আক্রমণাত্মক ও দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান লিটন দাস।
১৩৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৬ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটার। তার ইনিংসেই মূলত লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস। নতুন বলে ধারাবাহিক চাপ তৈরি করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ভুগিয়েছেন তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৮ (লিটন ১২৬, নাজমুল ২৯, তানজিদ ২৬, মুশফিক ২৩, মুমিনুল ২২; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫, হাসান ২/৪৯)।
পাকিস্তান ১ম ইনিংস: ৬ ওভারে ২১/০ (আওয়াইস ১৩*, ফজল ৮*)

No comments:
Post a Comment