সময় ডেস্ক : বগুড়ার কাহালুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে নওগাঁ থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হয়। এ সময় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের ওপরে। মোটরসাইকেল সাইলেন্সার পাইপ মডিফাই করায় বিকট শব্দ হচ্ছিল। বৃষ্টির মধ্যে এঁকেবেঁকে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব বলেন, দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

No comments:
Post a Comment