সিলেটের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারদের জয় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 20 May 2026

সিলেটের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারদের জয়


জাবেদ এমরান :
রাজধানী ঢাকার ধারাবাহিতা বজায় রেখে সিলেটে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছে নাজমুল হোসেন শান্তর দল।


মঙ্গলবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তানের বিপক্ষে পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট; আর পাকিস্তানের দরকার ছিল ১২১ রান। 


অলৌকিক কিছু না ঘটলে জয় নিশ্চিত- এমন সমীকরণে পঞ্চম দিন সকালে মাঠে নামে দুদল। তবে শেষ দিনে ম্যাচের শুরুতে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই নাহিদ রানার বলে স্লিপে রিজওয়ানের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। 


জীবন পেয়ে সাজিদকে সাথে নিয়ে সাবলীল ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন রিজওয়ান। গুরুত্বপূর্ণ মুহূর্তে আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৬ বলে ২৮ রান করা সাজিদ খানকে আউট করে এই বিপজ্জনক জুটি ভাঙার পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিজের ‘ফাইফার’ (৫ উইকেট) পূর্ণ করেন তাইজুল। 


সাজিদ বিদায় নেওয়ার পর মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যায়। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে শতক পূর্ণ করতে দেননি পেসার শরিফুল ইসলাম। ১৬৬ বলে ১০টি চারের সাহায্যে ৯৪ রান করা রিজওয়ানকে মিরাজের ক্যাচে পরিণত করেন শরিফুল। শেষ দিকে খুররাম শেহজাদকে (০) আউট করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি মারেন সেই তাইজুল ইসলাম। 


মোহাম্মদ আব্বাস শূন্য রানে অপরাজিত থাকলে ৩৫৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় একাই শিকার করেন সর্বোচ্চ ৬টি উইকেট। এছাড়া গতি তারকা নাহিদ রানা ২টি এবং শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।


সিলেটের সবুজ গালিচায় টাইগারদের এই ঐতিহাসিক ও গৌরবময় জয়ে উচ্ছ্বাসিত দর্শকের পাশাপাশি পুরো দেশ মেতে উঠেছে উল্লাসে। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও নিজেদের অবস্থান আরোো মজবুত করল লাল সবুজের বাংলাদেশ।




ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮/১০ (লিটন দাস সেঞ্চুরি)


পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০ (লিড: বাংলাদেশ ৪৬ রান)


বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০/১০ (টার্গেট: ৪৩৭ রান)



পাকিস্তান ২য় ইনিংস: ৩৫৮/১০


ফলাফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী এবং ২-০ ব্যবধানে সিরিজ জয়।


No comments:

Post a Comment

Pages