ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 19 May 2026

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ


জাবেদ এমরান :
সিলেটের মাঠে দ্বিতীয় টেস্ট সিরিজে চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌছে যায় স্বাগতিক বাংলাদেশ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে। ম্যাচের ভাগ্য নির্ধারণী পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে জয় এবং পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে আর মাত্র ৩টি উইকেট তুলে নিতে হবে। 


অন্যদিকে, জয়ের জন্য পাকিস্তানের এখনো প্রয়োজন ১২১ রান, যা তাঁদের বর্তমান ব্যাটিং অর্ডারের শেষ দিকের খেলোয়াড়দের জন্য এক পাহাড়সম চ্যালেঞ্জ। চতুর্থ দিনের শেষ সেশনে পাকিস্তানের হয়ে লড়াকু প্রতিরোধ গড়ে তুলেছিলেন সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। এই অভিজ্ঞ দুই ব্যাটার উইকেটে থিতু হয়ে ১৩৪ রানের এক বিশাল জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। 


এই জুটি দীর্ঘক্ষণ অবিচ্ছিন্ন থাকায় এক পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম হয়েছিল। সালমান ও রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তান শিবিরে এক সময় ম্যাচ বাঁচানোর ক্ষীণ আশা তৈরি হলেও দিনের শেষভাগে চিত্রটি নাটকীয়ভাবে বদলে যায়। টাইগার শিবিরের কাঙ্ক্ষিত সেই ব্রেকথ্রু এনে দেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। 


দুর্দান্ত এক ডেলিভারিতে ৭১ রান করা সালমান আলি আগাকে বোল্ড করে লড়াকু জুটির অবসান ঘটান এই বাঁহাতি স্পিনার। সালমানের বিদায়ের পর পাকিস্তানের বিপদ আরো ঘনীভূত হয় যখন নতুন ব্যাটার হিসেবে নামা হাসান আলিও ক্রিজে টিকতে পারেননি। মাত্র ৬ বল মোকাবিলা করে তাইজুলের করা পরের ওভারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হাসান। 


শেষ বিকেলে মাত্র ৮ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তান পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮৬ ওভারে ৩১৬ রান। ক্রিজে এখনো এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ রিজওয়ান বড় এক বাধা হয়ে থাকলেও যোগ্য সঙ্গীর অভাবে পাকিস্তান চরম চাপে রয়েছে। 


বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্তের জোড়া সাফল্যে নতুন আত্মবিশ্বাস নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। আগামীকালের প্রথম সেশনেই দ্রুত বাকি ৩টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ হোয়াইটওয়াশ করার বিরল রেকর্ড গড়তে চায় নাজমুল হোসেন শান্তর দল।


চতুর্থ দিনের সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ১ম ইনিংস: ৩৯০/১০

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০


পাকিস্তান ২য় ইনিংস: ৩১৬/৭ (৮৬ ওভার, রিজওয়ান ৭৫*, সালমান আগা ৭১, শান মাসুদ ৭১, বাবর আজম ৪৭, তাইজুল ৪/১১৩, নাহিদ রানা ২/৫৮)


(লক্ষ্য ৪৩৭ রান, পাকিস্তান এখনো ১২১ রান পিছিয়ে, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট)


No comments:

Post a Comment

Pages