সময় ডেস্ক : জামায়াত ও শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, জামায়াত-শিবির তাদের গুপ্ত রাজনীতির মধ্যে দিয়ে দেশের রাজনীতিকে কলুষিত করছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার দেয়ালে গুপ্ত রাজনীতি বিরোধী লিখনীর মাধ্যমে এই কর্মসূচি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের নতুন ফুড কোর্ট, মুক্তঞ্চ, নতুন সামাজিক বিজ্ঞান ভবনসহ কয়েকটি জায়গায় এই দেয়াল লিখন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন শাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের ১৩-১৫ জন নেতাকর্মী।
কর্মসূচির বিষয়ে আদনান মোহন বলেন, রাজনীতি করতে হয় রাজপথে। তবে, আমরা দেখেছি একটি বিশেষ দল হাসিনার আমলে ছাত্রলীগের সঙ্গে মিশে রাজনীতি করেছে। স্বৈরাচার পতনের পরেও তারা গুপ্ত রাজনীতিকেই বেছে নিয়েছে এবং দেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শিক্ষার্থীদেরকে ‘গুপ্ত’ রাজনীতি সম্পর্কে সচেতন করার জন্য আমাদের এই দেয়াল লিখন কর্মসূচি। আমরা খুব শীঘ্রই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই গুপ্ত রাজনীতির কবর রচনা করব ইনশাল্লাহ।
এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতিবিরোধী দেয়াল লিখনের কারণে ছাত্রদলের ওপর ছাত্রশিবির ন্যাক্কারজনক হামলা করে। দীর্ঘদিন ধরে শিবির ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে নিজস্ব সাংগঠনিক তৎপরতা গোপনে অব্যাহত রেখেছে। এরই প্রেক্ষিতে শাবিপ্রবি ছাত্রদল শিবিরের এই গুপ্ত ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতেও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের কর্মসূচী চলবে। আমরা গুপ্ত রাজনীতির শেষ দেখতে চাই। শিবির কত জায়গায় হামলা করে আমরা দেখতে চাই।

No comments:
Post a Comment