আইনশৃঙ্খলার অবনতিতে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে : কাইয়ুম চৌধুরী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 7 March 2026

আইনশৃঙ্খলার অবনতিতে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে : কাইয়ুম চৌধুরী


সময় ডেস্ক :
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শনিবার (৭ মার্চ) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। রমজান মাসে যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নগরবাসী স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন। এ ক্ষেত্রে কারও গাফিলতি পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”


একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসী যদি নির্ধারিত স্থানে ময়লা ফেলেন, তাহলে একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ব্যবসায়ী মহলসহ নগরবাসীর সর্বস্তরের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে নগরীতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম শুরু করতে চান।



এর আগে সিলেটের আঞ্চলিক সংবাদমাধ্যম জৈন্তা বার্তা আয়োজিত ইফতার মাহফিলেও বক্তব্য দেন সিসিক প্রশাসক। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


পত্রিকাটির সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।



পরে সিসিক প্রশাসক বৃহত্তর ময়মনসিংহ সমিতির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।


এছাড়াও তিনি সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


No comments:

Post a Comment

Pages