সময় ডেস্ক : ঢাকা-৮ আসনের ভোটাররা দীর্ঘদিন ধরে তাকে চেনেন—এমন মন্তব্য করে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, “ঢাকা-৮ এলাকার মানুষ যারা বহুদিন এখানে বসবাস করছে, তারা আমাকে ভালোভাবেই চেনে।”
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে বায়রা নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “এখন হঠাৎ করে কিছু ছেলেপেলে জুটেছে—আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। লম্বা লম্বা কথা বলে।”
সোশ্যাল মিডিয়ায় তাকে লক্ষ্য করে সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখি আমাকে বকাবকি করা হচ্ছে। মনে হয় পৃথিবীতে আর কোনো কাজ নেই, মির্জা আব্বাসকে বকা দেওয়া ছাড়া।”
ঢাকা-৮ আসনের অপর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী–কে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি তো সেদিন চাঁদপুর থেকে ঢাকায় এসেছ। আর এই এলাকার মানুষ বহুদিন ধরে এখানে বসবাস করছে। তারা আমার সম্পর্কে যা জানে, তুমি তার কিছুই জানো না। তাই লম্বা লম্বা কথা বলার দরকার নেই।”
নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, “এই ঢাকা শহরের একজন মানুষও বলতে পারবে না যে কোনো স্বার্থে আমাকে এক কাপ চা পর্যন্ত খাওয়াতে পেরেছে।”
মির্জা আব্বাস আরও বলেন, “এই ধরনের ব্যক্তিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যেমন আমরা হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছি, তেমনি এই অর্বাচীনদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে।” তবে তিনি জোর দিয়ে বলেন, “এর জন্য যুদ্ধ নয়—প্রয়োজন শুধু ভোট।”

No comments:
Post a Comment