রংপুরের বিপক্ষে সিলেট ও ঢাকার বিপক্ষে রাজশাহীর জয় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 12 January 2026

রংপুরের বিপক্ষে সিলেট ও ঢাকার বিপক্ষে রাজশাহীর জয়


জাবেদ এমরান :
সিলেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্বের ম্যাচ। সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ১৯তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক ছিনিয়ে নেয় সিলেট টাইটান্স। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসে বিপক্ষে জয় পায় রাজশাহী রয়্যালস।


সোমবার লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে ৬ উইকেটে জিতেছে সিলেট। ১১৫ রানের লক্ষ্য তারা পূরণ করে ১৫ বল হাতে রেখে।


সিলেট ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল। ৮ ম্যাচে ৪টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় রংপুর। আগের ম্যাচে অপরাজিত ৯৭ রান করা তাওহিদ হৃদয় ৪, কাইল মায়ার্স শূন্য ও লিটন দাস ১২ বলে ২২ রানে আউট হন। 


এরমধ্যে ২ উইকেট শিকার করেন পেসার শহিদুল। এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ৪০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে দলীয় ৭৬ রানের মধ্যে তাদের বিদায়ের পর আর বড় জুটি গড়তে পারেনি রংপুর। ইফতিখার ১৭ ও খুশদিল ৩০ রানে আউট হন। 


শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৩ বলে ৪টি চারে ২৯ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। শেষ ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ আউট হলে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর। সিলেটের স্পিনার নাসুম ১৯ রানে ও শহিদুল ৩৬ রানে ৩টি করে উইকেট নেন। মাত্র ৮ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের স্পিনার মঈন। 


জয়ের জন্য ১১৫ রান তাড়া করতে নেমে ৪০ বলে ৫৪ রানের সূচনা করেন সিলেট টাইটান্সের দুই ওপেনার তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন। জুটিতে ৪টি ছক্কায় ও ১টি চারে ২২ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেন তৌফিক। এরপর আরিফুল ইসলামকে নিয়ে ২৬ এবং আফিফ হোসেনের সাথে ৩১ রানের জুটি গড়ে সিলেটের জয়ের পথ সহজ করেন ইমন। 


আরিফুল ২১ ও আফিফ ১২ রানে আউট হবার পর ছক্কা মেরে সিলেটের জয় নিশ্চিত করেন ইমন। ঐ ছক্কায় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। ৪১ বল খেলে ৩টি করে চার-ছক্কায় নিজের ইনিংস সাজান ইমন। বল হাতে দারুণ পারফরমেন্সে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন সিলেটের নাসুম।



বিপিএলে সোমবারের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপনের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। 


ঢাকার দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত ব্যাটিং শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান। ওয়াসিম ১৩ বলে ২২ রানে ফিরলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন তানজিদ। মাঝে ১২ বলে ৫ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। 


তবে এরপর তেমন বিপদে পড়েনি রাজশাহী। তানজিদ একাই খেলেন ৭৬ রানের ইনিংস। ইমাদের বলে বোল্ড হওয়ার আগে মারেন ৭টি চার এবং ৫টি ছক্কা। শেষ দিকে মুশফিক ও নিশাম রাজশাহীর সহজ জয় নিশ্চিত করেন। মুশফিক ১২ এবং নিশাম ১৪ রানে অপরাজিত ছিলেন। 


তার আগে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও শুরুটা দারুণ করেছিল তারা। তবে রিপন ও আব্দুল গাফফার সাকলাইনের কাছে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ৪১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। 


এদিকে রিপন ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। যা চলমান বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক। আর আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট। এই জয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী। এই জয়ে রাজশাহীর প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অপরদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ঢাকা ক্যাপিটালস পাঁচ নম্বরে রয়েছে।

No comments:

Post a Comment

Pages