সময় ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ঘটনায় ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদর দপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।”
আদেশে আরো উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে দুপুরে বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ কর্মকর্তা তার পা ধরে সালাম করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

No comments:
Post a Comment