গোপালগঞ্জে অনির্দিষ্টকাল কারফিউর ঘোষণা সরকারের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 17 July 2025

গোপালগঞ্জে অনির্দিষ্টকাল কারফিউর ঘোষণা সরকারের


সময় ডেস্ক :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির পর জারি করা কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,


শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। এরপর তিন ঘণ্টার বিরতিতে দুপুর ২টা থেকে পুনরায় কারফিউ কার্যকর হবে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা বাড়িয়ে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত করা হয়। এরপর দুপুর ২টা থেকে আবার শুরু হবে অনির্দিষ্টকালের কারফিউ।


কারফিউর কারণে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহরে জনজীবনে স্থবিরতা নেমে আসে। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তাঘাট ফাঁকা, হাটবাজারে জনমানব নেই বললেই চলে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি।


তবে, শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকলেও জেলা কারাগার, প্রশাসনিক ভবন ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।


সরকারি একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। তবে নির্দিষ্ট সময়ের বিরতিতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় কেনাকাটার সুযোগ দেওয়া হতে পারে।


গোপালগঞ্জে সহিংসতায় অন্তত চারজনের প্রাণহানি এবং বহু আহত হওয়ার ঘটনায় এখনো শহরের বাতাস থমথমে। স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।


No comments:

Post a Comment

Pages