সময় ডেস্ক : আমেরিকার হামলার প্রতিশোধ নিকে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ এজেন্সি জানায়, দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক, যারা অ্যাক্সিওসের বরাতে খবরটি প্রকাশ করেছে।
অন্যদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাসনিম জানায়, ইরানের ওপর সাম্প্রতিক হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, দোহা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়।
ওয়াল স্ট্রিট জার্নাল এর আগেই একটি প্রতিবেদনে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলার প্রস্তুতি হিসেবে ইরান বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিচ্ছে। এই হামলা তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যেখান থেকে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনা করে।
এই হামলা নিয়ে এখনো কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গঃ- মার্কিন হামলায় ইরানের কোম প্রদেশের ভূগর্ভস্থ ফোরদো পরমাণু স্থাপনার 'অত্যন্ত গুরুতর' ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি।
আজ সোমবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে রাফায়েল গ্রোসি বলেন, 'হামলায় ব্যবহৃত বিস্ফোরকের শক্তি ও সেন্ট্রিফিউজের প্রকৃতি বিবেচনায় ফোরদোয় অত্যন্ত গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।'
আজ আইএইএ'র ৩৫ সদস্য রাষ্ট্রের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠকে গ্রোসি এই আশঙ্কার কথা জানান।
এর আগে গতকাল রোববার ভোরে ফোরদোসহ ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত ১৩ জুনসহ মোট তিনবার ফোরদোয় হামলা চালিয়েছে ইসরায়েলও।

No comments:
Post a Comment