ট্রাম্প প্রশাসন থেকে ইলন মাস্কের পদত্যাগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 29 May 2025

ট্রাম্প প্রশাসন থেকে ইলন মাস্কের পদত্যাগ


সময় ডেস্ক :
মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক।


বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল ফেডারেল ব্যয় হ্রাস করা। খবর এএফপির।


মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্বের সময় শেষ হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।


মাস্ক আরও যোগ করেন যে, ‘সরকার দক্ষতা বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে।’


দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ট্রাম্পের নতুন খরচ সংক্রান্ত বিলটি সরকারের ঘাটতি আরও বাড়িয়ে দেবে এবং ডিওজিই-এর কাজকে ক্ষতিগ্রস্ত করবে, ইতোমধ্যে হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে।


মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করে মাস্ক তার স্পেসএক্স এবং টেসলা ব্যবসার দিকে নজর দিবেন। এর আগে ট্রাম্পের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। মাস্ক অভিযোগ করেছেন যে, প্রশাসনের অসন্তুষ্টির জন্য ডিওজিই-কে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।


সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘আমি বিশাল খরচ বিল দেখে হতাশ হয়েছি। সত্যি বলতে, যা শুধু বাজেট ঘাটতিই বাড়ায় না বরং তা ডিওজিই টিমের কাজকে দুর্বল করে তোলে।’


No comments:

Post a Comment

Pages