'প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করবে অন্তর্বর্তী সরকার' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 31 May 2025

'প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করবে অন্তর্বর্তী সরকার'


সময় ডেস্ক :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন, প্রবাসীদের টাকায় তাদের জন্য দেশে একটি বিশেষ হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, “প্রবাসীরা দেশে এসে সঠিক চিকিৎসা সেবা পান না। অথচ তাদের কষ্টার্জিত রেমিট্যান্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই তাদের কল্যাণে আমাদের দায়িত্ব রয়েছে।”


শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আসিফ নজরুল আরও বলেন, “টাঙ্গাইলে চালু হওয়া স্কিল ট্রেড দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল শিক্ষার্থীরা শিখতে পারলে প্রবাসে গিয়ে ভালো মানের কাজ পাবে এবং নিজ পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”


তিনি জানান, বর্তমান সরকার প্রবাসীদের জন্য নানা সুবিধা চালু করেছে। ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ প্রক্রিয়া তৈরি করা হয়েছে। এছাড়া জাপানে জনবল পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আরও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে, অতি শিগগিরই নতুন বাজারে জনবল রপ্তানি শুরু হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


সবশেষে আসিফ নজরুল বলেন, “আমরা চাই প্রতিটি প্রবাসী গর্ব নিয়ে বলুক, দেশের মাটিতে আমারও একটা হাসপাতাল আছে, যেখানে আমি এবং আমার পরিবার সেবা পাব।”


No comments:

Post a Comment

Pages