সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম ভঙ্গ করে এমন অভিযোগ এনে মার্কিন শুল্কের বিরুদ্ধে সংস্থাটির কাছে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মামলার বিষয়টি জানিয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার সচিবালয় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 'ডব্লিউটিও'র নিয়মকে লঙ্ঘন করে। ডব্লিউটিও সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে এই পদক্ষেপ নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলাকে দুর্বল করে।
এদিকে ট্রাম্পের শুল্কারোপের জবাব হিসেবে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এছাড়া গুরুত্বপূর্ণ খনিজ রফতানি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে দেশটি। যার মধ্যে রয়েছে স্যামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডাইসপ্রোজিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম। এই ধাতুগুলোর ওপর চীনের এ একক আধিপত্য থাকায় এর মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ থেকে বিচ্ছিন্ন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রফতানি নিয়ন্ত্রণের তালিকায় চীন কমপক্ষে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছে।

No comments:
Post a Comment