সময় ডেস্ক : ঝালকাঠি শহরে ইফতারের সময় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। এ সময় ডাকাতের ছোড়া বোমায় তিনজন আহত হয়েছেন।
এরা হলেন, ডাক্তারপট্টি এলাকার মাহামুদুল হাসান আদিল (৩৭) , প্রণব কুমার নাথ ভানু (৬০), মানিক মালো (৩৫)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার (৯ মার্চ) শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে করে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টাকালে দোকান মালিকরা ডাক-চিৎকার দিলে জনতা ডাকাত দলকে ধাওয়া দেয়। এ সময় ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করে জনতাকে সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা বোমা ফাটাতে ফাটাতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।
ডাক্তারপট্টি সড়কটি শহরের স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। ধারনা করা হচ্ছে স্বর্ণের দোকানে ডাকাতি করাই ডাকাত দলের উদ্দেশ্য ছিলো।
প্রত্যক্ষদর্শী রিপন ভুইয়া বলেন, আমরা বাসার সামনে দাড়িয়ে আছি, এ সময় একটি নীল রঙের পিকআপ জনতার ধাওয়া খেয়ে পূর্ব দিকে আসতেছিল। আমরা পিকআপটি আটকানোর চেষ্টাকালে পিকআপ থেকে বোমা নিক্ষেপ করা হয়। এ সময় আমরা সরে আসলে পিকআপটি শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের মদদে দুর্বৃত্তরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরে তারা পালিয়ে যায়। এদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

No comments:
Post a Comment