ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক এখন ছাত্রদলের সভাপতি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 21 February 2025

ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক এখন ছাত্রদলের সভাপতি


সময় ডেস্ক :
নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রী কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। কারণ, এই কমিটিতে সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে।


ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল হোসেন। তিনি পূর্বে কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


শাকিল হোসেনের ছাত্রলীগের পদে থাকার লিখিত প্রমাণ হিসেবে একটি অফিসিয়াল প্যাডের কপি ইতোমধ্যে সাংবাদিকদের হাতে পৌঁছেছে। এছাড়া, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।


ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ পাওয়া মুনছের আলীর শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত টি-শার্ট পরা একটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে আরও বিতর্ক দেখা দিয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে কলম ডিগ্রী কলেজ ছাত্রদলের নবনিযুক্ত সভাপতি মো. শাকিল হোসেন বলেন, “আমার এলাকার একজন ছাত্রলীগ নেতা কমিটিতে আমার নাম দিয়েছিল, যা সম্পর্কে আমি আগে জানতাম না। বিগত সময়ে এলাকার রাজনীতির কারণে একবার ছাত্রলীগের একটি কর্মসূচিতে গিয়েছিলাম, সেই ছবি এখন ভাইরাল হয়েছে। তবে আমি স্বীকার করছি, বিষয়টি সত্য, কিন্তু আমরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এটা সবাই জানে।”


এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, “কলম ডিগ্রী কলেজের বিষয়টি ফেসবুকে দেখে জেনেছি, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেব।”


No comments:

Post a Comment

Pages