সময় ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী জুলাই মাস থেকে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে।
আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (৬ই জানুয়ারি) ঢাকার রেলভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কর্মপরিধি তুলে ধরে উপদেষ্টা বলেন, এই অধিদপ্তর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার শহিদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করবে। আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লক্ষ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহিদ পরিবারের জন্য ১০ লক্ষ টাকা সঞ্চয়পত্র রাখা হবে।
মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লক্ষ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এই অর্থ থেকে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

No comments:
Post a Comment