বোলিং ব্যর্থতায় বিপিএলে পঞ্চম হারের স্বাদ পেল ঢাকা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 January 2025

বোলিং ব্যর্থতায় বিপিএলে পঞ্চম হারের স্বাদ পেল ঢাকা


জাবেদ এমরান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে টানা পঞ্চম হারের স্বাদ পেল ঢাকা। খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে শুরুতেই হোঁচট খায় ঢাকা ক্যাপিটালস। পরে সাব্বির রহমানের ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ গড়েও বোলারদের ব্যর্থতায় জেতা হলো না এবারও। শীর্ষ সারির ব্যাটারদের মিলিত প্রচেষ্টায় লক্ষ্য পূরণ করে ঢাকাকে টানা পঞ্চম পরাজয়ের তিক্ততা উপহার দিল চট্টগ্রাম কিংস।


চলতি বিপিএলের চতুর্দশ ম্যাচে বৃহস্পতিবার রাজধানীর দলকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বন্দর নগরীর দল। হার দিয়ে আসর শুরু করা মোহাম্মাদ মিথুনের নেতৃত্বাধীন দলটি টানা দ্বিতীয় জয় তুলে নিল।


সাব্বিরের ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা। উসমান খানের ঝড়ো ফিফটিতে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।


লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৫ রান তোলে চট্টগ্রাম। ১৬ বলে ১৭ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন। উসমান আউট হন ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে।


দলকে জয়ের পথে রেখে ৩২ বলে ৩৯ রান করে আউট হন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। ১৭ বলে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন মিথুন ও শামিম হোসেন। মিথুন ২২ বলে ৩৩ ও শামিম ১৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।


পরপর তিন ম্যাচে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হওয়া লিটন কুমার দাসকে একাদশ থেকে বাদ দেয় ঢাকা। সব মিলিয়ে একাদশে তারা পরিবর্তন করে ৪টি। তবু টসে হেরে ব্যাটে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। তবে এক পাশ আগলে ছিলেন তানজিদ হাসান। এই ওপেনার করেন ৪৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫৪ রান।


প্রায় ৯ মাস পর ব্যাটে নেমে ঢাকার হয়ে আগের ম্যাচে করতে পেরেছিলেন ৭ বলে ২। এবার সাব্বির খেললেন বিধ্বংসী ইনিংস।


একাদশ ওভারে যখন তিনি উইকেটে যান দলের স্কোর তখন ১০.৩ ওভারে ৩ উইকেটে ৬৬। এরপর বলতে গেলে একাই ইনিংস টেনেছেন সাব্বির। ২২ বলে স্পর্শ করেন ফিফটি। তানজিদের সঙ্গে ৩৫ বলে ৬৩, থিসারা পেরেরার সঙ্গে ৫ বলে ১৮ ও ফারমানুল্লাহর সঙ্গে ১৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটি গড়েন। প্রতি জুটিতেই তার সতীর্থরা ছিল অনেকটা দর্শকের ভূমিকায়। অন্যরা পরিস্থিতির চাহিদা মেটাতে না পারায় ঢাকার সংগ্রহটা খুব একটা বাড়েনি। ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলতে পারে তারা।


এই রানও তাদের আসরে প্রথম জয় এনে দিতে পারেনি। ৪ ওভারে স্রেফ ২১ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক খালেদ আহমেদ।


সংক্ষিপ্ত স্কোর:


ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৭৭/৫ (জেসন রয় ১, তানজিদ ৫৪, এসকিনাজি ৫, শাহাদাত ৯, সাব্বির ৮২*, পেরেরা ১, শাফি ১০*; শরিফুল ৪-০-৩৯-০, আলিস ৪-০-২৫-১, খালেদ ৪-০-২১-৩, সানি ৪-০-৪৫-০, ওয়াসিম ৪-০-৪২-১)


চিটাগং কিংস: ১৯.৩ ওভারে ১৮০/৩ (পারভেজ ১৭, উসমান ৫৫, ক্লার্ক ৩৯, মিঠুন ৩৩, শামীম ৩০*; মুকিদুল ৩.৩-০-৩৩-০, মুস্তাফিজ ৪-০-২৩-১, নাজমুল ৩-০-৩৮-০, শাফি ৪-০-৩০-১, পেরেরা ২-০-৩০-০, মোসাদ্দেক ৩-০-২৬-১)


ফল: চিটাগং কিংস ৭ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: খালেদ আহমেদ


No comments:

Post a Comment

Pages