শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে জনসাধারণের ঢল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 14 December 2024

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে জনসাধারণের ঢল


সময় ডেস্ক :
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে কবরস্থানে ছুটে যান। 


১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। যাদের অধিকাংশকেই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে ছুটে যান বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।


শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে সর্বপ্রথম রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণ।


ফুল নিয়ে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষজন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কবরস্থানের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এসময় শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনেকেই কবরের পাশে চোখের পানি ফেলেন। 


শ্রদ্ধা নিবেদন শেষে অনেক সাধারণ মানুষকেও শহীদদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেকে ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।


তার আগে, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


No comments:

Post a Comment

Pages