সময় ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগ সরকার পতনের পর উপদেষ্টা হতে চেয়ে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন তিনি। অতঃপর তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
রোববার (১০ই নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
উল্লেখ্য, সরকার পতনের পরেও আওয়ামী লীগ থেকে নানাভাবে তাকে নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে উল্লেখ করে কিছুদিন আগে ফারুকী তার স্ট্যাটাসে লিখেছিলেন, “আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি! আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।”
সেই স্ট্যাটাসে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলেন আলোচিত এই নির্মাতা। তবে শেষ পর্যন্ত কাকতালীয়ভাবে তিনিই হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।
এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এরপর গত ১৬ আগস্ট শপথ নেন আরও চারজন উপদেষ্টা। সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারে বর্তমানে ২১ জন উপদেষ্টা রয়েছেন।

No comments:
Post a Comment