অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রেলের গার্ড ও টিটিই বরখাস্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 31 October 2024

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রেলের গার্ড ও টিটিই বরখাস্ত


সময় ডেস্ক :
বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে বাড়তি টাকা আদায়ের সময় ছাত্রদের কাছে ধরা পড়ে তোপের মুখে সাময়িক বরখাস্ত হয়েছেন পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের রেলের দুই কর্মচারী।


বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 


এর আগে, বুধবার (৩০শে অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় এ ঘটনা ঘটে।


বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।


পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই ট্রেনে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়েও টিকেট দেননি। 


পরে রাজশাহী স্টেশনে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা বিষয়টির ব্যাপারে অভিযোগ দেন। দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।


No comments:

Post a Comment

Pages