জ্যেষ্ঠ প্রতিবেদক : মেয়র আরিফুল হক চৌধুরীর কর্মদক্ষতায় টানা দ্বিতীয়বারেও দেশের সেরা সিটি করপোরেশনের গৌরব অর্জন করেছে সিলেট সিটি করপোরেশন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করে সিসিক। আর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি সরকারি দপ্তরের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে সিসিক।
বুধবার সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত বছরও একইভাবে সারা দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে সিলেট প্রথম হয়েছিল।
সিসিক সূত্র জানায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণগুলো মূল্যায়নে সিলেট সিটি করপোরেশন ১০০ নম্বরের মধ্যে ৯৭ দশমিক ১০ নম্বর পেয়েছে। এদিকে ১ নম্বরে থাকা সরকারি দপ্তর ঢাকা ওয়াসা পেয়েছে ৯৮ দশমিক ২৭ নম্বর। তবে গত বছর সারা দেশের সিটি করপোরেশনের মধ্যে প্রথম ও সরকারি দপ্তরের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রাপ্ত নম্বর ছিল ৯৮ দশমিক ৪০।
টানা দুই বছর এই সাফল্যকে সিলেট সিটি করপোরেশনের জন্য অনন্য এক অর্জন বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এটি নিরবচ্ছিন্ন সেবার ফসল, অনন্য এক অর্জন। পরপর দুইবার দেশ সেরা হওয়ার পুরো কৃতিত্ব আমি নগরবাসীকে উৎস্বর্গ করলাম। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে সহযোগিতার আহ্বান থাকল।
নগরের বিশিষ্টজনরা মনে করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কঠোর তদারকি, নিরলস শ্রম, কর্মদক্ষতা ও উন্নয়নের অংশীদার নগরবাসীর সহযোগীতার ফসল এ অর্জন। জনপ্রিয়তার শীর্ষে থাকা মেয়র আরিফ এখন দেশের অন্যান্য সিটির আইডল। নগরের উন্নয়ন অব্যাহত থাকলে তিনি আগামীতে সারাদেশের আইডলে পরিণত হবেন বলে মনে করছেন তারা।
No comments:
Post a Comment