বাবা-মা-ভাইকে গলা কেটে হত্যা করে বড়ছেলে! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 14 October 2021

বাবা-মা-ভাইকে গলা কেটে হত্যা করে বড়ছেলে!


সময় ডেস্ক :
বাবা-মা ও মেজ ভাইকে গলা কেটে হত্যা করেছেন বড় ভাই ছাদেক হোসেন। এরপর নিজেকে বাঁচাতে ডাকাতির নাটক সাজিয়েছেন বলে অভিযোগ ছোট ভাই আলতাফ হোসেনের। আর এ কাণ্ড সে ঘটায় সম্পত্তি না পেয়ে। 


বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়েনের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা মো. মোস্তফা মিয়া, মা জোসনা আক্তার ও মেজ ছেলে আহমদ হোসেন।


ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে ছাদেককে আটক করেছে পুলিশ।


আলতাফ বলেন, আমি চাকরির কারণে বারইয়ারহাট থাকি। ভোরে বড় ভাই ছাদেক হোসেন আমাকে কল করে বলেন- বাড়িতে ডাকাত এসেছিল। তারা বাবা, মা ও মেজ ভাইকে গলা কেটে হত্যা করেছে। তাদের হাসপাতালে নেয়ার জন্য আমাকে দ্রুত বাড়িতে আসতে বলেন। আমি বাড়ি এসে তিনজনের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি।


তিনি আরো বলেন, আমার বাবা তার কিছু জমি মেজ ভাই আহম্মদকে দিয়েছিলেন। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে মেজ ভাইয়ের প্রায়ই ঝগড়া হতো। সম্পত্তি না পেয়েই তিনজনকে হত্যা করেছেন বড় ভাই। শুক্রবার আমার মেজ ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ঘটনার সময় ঘরে বড় ভাই এবং তার স্ত্রী আইনুন নাহারও ছিলেন। সত্যিই ডাকাতরা এ ঘটনা ঘটালে তাদেরও মেরে ফেলত। বড় ভাই নিজেকে বাঁচাতে ডাকাতির নাটক সাজিয়েছেন।


জোরারগঞ্জ থানার এসআই জয়দ্রুত চাকমা বলেন, ভোর ৫টার দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে এসে দেখি তিনজনের গলাকাটা লাশ পড়ে আছে। এছাড়া নিহতদের পিঠ, বুক ও গলায় একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে ছাদেককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এছাড়া তার স্ত্রী আইনুন নাহারকেও হেফাজতে রাখা হয়েছে।


ওসি নূর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। চট্টগ্রাম থেকে পিবিআই এলে লাশগুলোর সুরতহাল করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।


No comments:

Post a Comment

Pages