নিজস্ব সংবাদদাতা : সিলেট জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও নেতাকর্মী ছুটে যান সে বাসায়।
মঙ্গলবার (১২ অক্টোবর) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তারপর থেকে সারাদিন উত্তপ্ত ছিল সিলেট নগরী। নতুন কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ হয়েছে। সড়ক অবরুদ্ধ করে টাওয়ারে দেয়া হয় আগুন।
এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাহেল সিরাজের আম্বরখানা বড়বাজারের দারুসসালাম মাদ্রাসা সংলগ্ন বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা রাহেলকে না পেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে বাসা থেকে বেড়িয়ে যায়।
সে সময় বাসায় ছিলেন রাহেল সিরাজের মা, বোনসহ অন্যান্য আত্মীয়স্বজন। তাদের মধ্যে আবার কয়েকজন শিশুও ছিল। দুর্বৃত্তরা বাসায় ঢুকে রাহেলকে উদ্দেশ্য করে গালাগাল করতে থাকে এবং তাকে খুঁজতে থাকে। তখন বাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপরই থেকে দারুসসালাম মাদ্রাসা গলিতে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকারবাসীর কয়েকজন গণমাধ্যমকে বলেন, আমাদের পাড়ায় আগে এমন ঘটনা কখনো ঘটেনি। স্বাভাবিকভাবে পাড়ার প্রতিটি বাসায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আইনশৃঙখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, খবর পেয়ে আম্বারখানা ফাঁড়ি পুলিশ ছুটে যায়। ছুটে যান ছাত্রলীগের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment