জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেটে কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করে পালানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। খুনের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে আরিফুল ইসলাম রাহাত (১৮) কে খুন করা হয়। সে ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ও পুরান তেতলি এলাকার সুরমান আলীর ছেলে।
| নিহত রাহাত |
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাহাত দুপুরে বাড়ি থেকে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে চাচাত ভাই রাফিকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বেড় হয়। বন্ধুর সাথে দেখা করতে গেইটে রাফিকে রেখে কলেজে প্রবেশ করেন। রাহাতের পিছু এসে সাদি ও তানভীর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সিলভার পালসার মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
রাহাতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাদির বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজর থানাধীন সিলাম এলাকার টিকরপাড়া গ্রামে এবং তার সঙ্গে থাকা তানভীর সিলাম পশ্চিম পাড়ার জামাল মিয়ার ছেলে।
রাহাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-সিলেট বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আধা ঘন্টা যান চলাচল বন্ধ হলে শতশত গাড়ি যানজটে আটকা পড়ে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ রাহাতের ঘাতককে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কলেজে ৩ দিনের জন্য পাঠদান বন্ধের নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। এছাড়াও ‘খুনিকে’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
No comments:
Post a Comment