সময় ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী সাপ্তাহে। পূজা মণ্ডপে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন প্রতিমা প্রস্তুতের কাজ প্রায় শেষ। এ বছর সিলেটে ৬৭০টি মণ্ডপে পূজা হবে। মার্কেটে কেনাকাটায় বেড়েছে ব্যস্ততা। দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেটে চলছে বর্ণাঢ্য উৎসবের সকল প্রস্তুতি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ বলেন, আগামী ১০ অক্টোবর মহা পঞ্চমীর মধ্যে দিয়ে শুরু হবে শারদ উৎসব। তাই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার বর্ণিল সাজ-সজ্জার শেষ মুহূর্তের কাজ। প্রতিমায় রং করা হচ্ছে। পুজোর যাবতীয় উপকরণ, পুজো, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ভজন কীর্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানান প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।
তিনি বলেন, ‘এবারও করোনার কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানাসহ অনেকগুলো নির্দেশনা মেনে পূজোর আয়োজনের পদক্ষেপ নিয়েছি।’ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার প্রতিমাশিল্পী দুলাল পাল বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রং-তুলির কাজ। কয়েক দিনের মধ্যে প্রতিমাগুলো পূর্ণতা পাবে। এখানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বনিম্ন ২০ হাজারের মধ্যে একটি মণ্ডপের প্রতিমা তৈরি করা হচ্ছে।
পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার তথ্যমতে, এবার সিলেট জেলায় ৬০৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে। আর মহানগরে আছে ৬৫টি মণ্ডপ। সিটি করপোরেশন এলাকায় সর্বজনীন ৫০টি ও পারিবারিকভাবে ১৫টি মণ্ডপে পূজা হবে। শারদ উৎসব উপলক্ষে সিলেট নগরীর বিপণিবিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। নগরীর ব্লু ওয়াটার শপিং সিটির ব্যবসায়ী আব্দুল করিম বলেন, ‘পূজা উপলক্ষে মার্কেটগুলোতে সনাতন ধর্মের ক্রেতাদের ভিড় বেড়েছে। নতুন পোশাকে পূজার আনন্দকে আরও বাড়াতেই সনাতন ধর্মের লোকেরা আসছেন। বিক্রিও ভালো হচ্ছে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা, জেনারেটরের ব্যবস্থা রাখা ও পরিদর্শন বই রাখার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি। আশা রাখছি, এবার সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদ উৎসব আনন্দ-উল্লাসে উদ্যাপন করা হবে।’ তিনি বলেন, দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, দুর্গাপূজায় সিলেটের পূজা মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হবে। মণ্ডপগুলোতে রাখা হবে বাড়তি নজরদারি, থাকবে গোয়েন্দা তৎপরতাও। নারী পুলিশ সদস্যরা পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কাজ করবেন। নিরাপত্তায় কোনো ধরণের ঘাটতি থাকবেনা।

No comments:
Post a Comment