সময় ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ঢালার মুখ নামক স্থানে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম আসাদুজ্জামান আসাদ (২০)। সে উপজেলার রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে।
গত গভীর রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা।
স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ধলাই নদীর ঢালার মুখ নামক স্থান থেকে চলছে ইজারা বহির্ভুত বালু উত্তোলন। গত ১৬ আগস্ট এ জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাজনগর নতুন বস্তির রফিক বেপারি পক্ষ ও ঢালার পাড়ের শাহীন, মানিক, নূর আলম পক্ষের মধ্যে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ব্যাপারী গ্রুপের আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
অপর একটি সূত্রে জানা যায় ইজারা বহির্ভূত জায়গা বা অভিযুক্তদের নাম মামলায় উল্লেখ না করতে নিহতের পরিবারকে নানা ভাবে হুমকি ও প্রলোভন দেখানো হচ্ছে।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত তরুণের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। মামলার পরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

No comments:
Post a Comment