শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মোট ৩৪ লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 6 April 2021

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মোট ৩৪ লাশ উদ্ধার


সময় ডেস্ক :
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। 


মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থানে ভেসে উঠলে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। 


তিনি বলেন, উদ্ধার হওয়া পাঁচটি লাশ পুরুষের। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া প্রতিটি লাশ দাফনের জন্য সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।


এর আগে গতকাল সোমবার দুপুরে ডুবে যাওয়া লঞ্চটি টেনে তীরে আনার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।


নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ধাক্কা দিয়ে লঞ্চ ডুবিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কার্গোটি জব্দের চেষ্টা চলছে।


গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়। 


এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন অনেকে। লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি তদন্ত কমিটি করেছে।


No comments:

Post a Comment

Pages