ভেজাল চা তৈরির কারখানায় বিজিবির অভিযান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 2 April 2021

ভেজাল চা তৈরির কারখানায় বিজিবির অভিযান


সময় ডেস্ক :
ভেজাল চা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৮১ বস্তা ভেজাল চা পাতা উদ্ধার ও চা পাতা তৈরির মেশিন, কেমিকেলসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।


শুক্রবার (০২ এপ্রিল) রাতে অবৈধ কারখানায় যৌথভাবে অভিযান চালায় পুলিশ ও ৫৫ বিজিবির একটি দল।


তবে অভিযানে পুলিশ ও বিজিবি কাউকে আটক করতে পারে নি। অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়েছে বলে ধারণা করা যায়।


শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওবাজার চৌমুনীর হাজী পারভেজ মিয়ার অটোরাইস মিলে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৮১ বস্তা বা প্রায় ৩ হাজার কেজি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। 


এ সময় চা পাতা শুকানোর ডায়ার, মোটর,কেমিক্যাল ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। রাইস মিলের মালিক হাজী পারভেজ মিয়াকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বলে বিজিবি সূত্রে জানা যায়। 


এ ব্যাপারে ৫৫ বিজিবির সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী বলেন, চোরাকারবারীরা ধানের মিলের আড়ালে দীর্ঘ দিন থেকে চা গাছের পরিত্যক্ত শুকনো পাতা, অন্যান্য গাছের পাতা ও চা ফ্যাক্টরির ওয়েস্টিস ডাস্ট সংগ্রহ করে তা পচিয়ে পরে তাতে কেমিক্যাল মিশিয়ে এ বিষাক্ত চা পাতা তৈরি করে আসছিল চক্রটি। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।


তিনি আরও বলেন, আমরা মিলটি সিলগালা করে এসেছি। জব্দকৃত চা পাতাগুলো পরে পুড়িয়ে ফেলা হবে বলে তিনি জানান।


গত ১১ মার্চ পুলিশি অভিযানে উপজেলার সিন্দুরখান ইউনিয়ন থেকে ৮৬ বস্তা নকল চা পাতা উদ্ধার করা হয়েছিল। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ৫৫ বিজিবির সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী।


No comments:

Post a Comment

Pages