সময় ডেস্ক : মহামারি করোনার এই দুর্দিনে রমজানে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশ। এজন্য বসানো হয়েছে একটি অস্থায়ী দোকান। যেখান থেকে পুরো রমজানজুড়ে এ সেবা পাবেন তারা।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এলাকায় ‘ফ্রি ইফতার অ্যান্ড সেহরি শপ’ দোকানটির উদ্বোধন করেন নগর পুলিশের ডিসি (পশ্চিম) আব্দুল ওয়ারীশ।
তিনি বলেন, রমজানে হাসপাতালে রোগীর সঙ্গে থাকা স্বজনরা ইফতার ও সেহরির জন্য কষ্ট পান। আবার লকডাউনের কারণে নিম্নআয়ের মানুষেরও কিছুটা কষ্ট হচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টায় এ উদ্যোগ। আমরা চাই আমাদের এ উদ্যোগে অন্যরাও উৎসাহিত হোক, এগিয়ে আসুক।
জানতে চাইলে ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্যোক্তা ও ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এ দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইফতার ও সেহরি নিতে পারবেন নিম্নআয়ের মানুষ। প্রথমদিকে দৈনিক ৩শ’ জনের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে আরো বাড়ানো হবে।
তিনি আরো বলেন, লকডাউনে মা ও শিশু হাসপাতালে আসা রোগীর স্বজনরা যেন খাবারের কষ্টে না ভোগেন, তাই তারাও এ সুবিধা পাবেন। মূলত ডবলমুরিং থানায় কর্মরত পুলিশ সদস্যদের অর্থায়নে এ আয়োজন। এর বাইরে কেউ চাইলেও এ আয়োজনে অন্তর্ভুক্ত হতে পারবেন।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন নগর পুলিশের এডিসি (পশ্চিম) পলাশ কান্তি নাথ, এসি (ডবলমুরিং) শ্রীমা চাকমা, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক প্রমুখ।


No comments:
Post a Comment