সময় ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চলমান লকডাউনের নিয়ম ভেঙ্গে সিলেটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর শুকরিয়া মার্কেটের সামনে থেকে ‘সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ’র ব্যানারে মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে শেষ করে সেখানেই মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এরপর ব্যবসায়ীরা মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনার কারণে লকডাউন থাকায় গেল বছরও ঈদে ব্যবসায়ীরা ব্যবসা করা থেকে বঞ্চিত হন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দেশের করোনা পরিস্থিতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রায় একবছর তারা ব্যবসায় করা থেকে বিরত থাকেন। এখন আবার লকডাউন দিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিলে ব্যবসায়ীদের পথে বসতে হবে। পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা ফুয়াদ বিন রশিদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আবদুর রহিম, মো. হাবিবুর রহমান, মোস্তফা মেহদী হাসান খান, শাব্বীর আহমদ লোকমান, সোহেল উসমান গণি, জাবেদুর রহমান, শাহনেওয়াজ শাকিল, জাহাঙ্গীর হোসেন খান ও আবদুল আহাদ প্রমুখ।


No comments:
Post a Comment