মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলো সিসিক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 24 March 2021

মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলো সিসিক


সময় ডেস্ক :
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননায় ভূষিত করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।


বুধবার (২৪ মার্চ) সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরী


বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে। বুকের তাজা রক্ত দিয়ে, মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, অর্জন করেছি একটি লাল-সবুজের পতাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছরে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে গর্বিত।


সিসিক মেয়র বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা। বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। সেই লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।


সিসিকের মুক্তিযোদ্ধা ও প্রবাসীকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সিসিক এসেসর চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এছাড়া বক্তব্য দেন, কাউন্সিলর আজম খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম-সচিব বিধায়ক রায় চৌধুরী।


সংবর্ধিত অতিথিদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।


অনুষ্ঠানের শুরুতে সিলেট মহানগরের ৩৫২ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে ফুল দিয়ে সম্মাননা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। পরে সম্মানী প্রদান এবং বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে খাবারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল কালাম আজাদ লায়েক, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা সুলতানা সাকি, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, লাইসেন্স কর্মকর্তা আব্দুল আজিজ, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।


প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই অনুষ্ঠানের মূল মঞ্চ ফাঁকা রাখা হয়। অনুষ্ঠানে সকল অতিথি এক সারিতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসন গ্রহণ করেন।

No comments:

Post a Comment

Pages