অভিষেকে ইতিহাস গড়লেন কাইল মায়ার্স - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 7 February 2021

অভিষেকে ইতিহাস গড়লেন কাইল মায়ার্স


খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ টেস্ট সফরে জেসন হোল্ডার, পোলার্ড, হেটমায়াররা আসলে হয়তো দলে সুযোগই পেতেন না কাইল মায়ার্স। 


এমন সুযোগ পেয়ে অভিষেক টেস্টে ইতিহাস গড়লেন ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার।  দুর্দান্ত এক সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন তিনি।


যদিও দুই-দুবার জীবন পেয়েছেন।  প্রথমে মিরাজের বলে ব্যক্তিগত ৪৯ রানে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন মায়ার্স।  সে ক্যাচ ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। 


এর পর ইনিংসের ৫০তম ওভারে তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদেও পড়েছিলেন মায়ার্স। আম্পায়ার আউট দেননি।  রিভিউও নেননি মুমিনুল।  পরে রিপ্লেতে দেখা গেছে, বলটি লেগস্টাম্পে আঘাত হানত।  


তবে রেকর্ডের খাতায় আর সেসব কথা লেখা থাকবে না।  এসবই খেলারই অংশ।  রেকর্ড এটাই - চট্টগ্রাম টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনে মোস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করলেন মায়ার্স।  


রেকর্ড বলছে, অভিষেকে সেঞ্চুরি করা ১৪তম ক্যারিবীয় ক্রিকেটার কাইল মেয়ার্স।  আর অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি মেয়ার্সের আগে টেস্ট ইতিহাসেই করতে পেরেছেন কেবল ৭ জন। সবশেষ ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি এ কৃতীত্ব দেখান।  


এবার আসা যাক বাংলাদেশের বিপক্ষের রেকর্ডে। বাংলাদেশের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি মেয়ার্সের আগে করতে পেরেছেন কেবল ৩ জন। 


২০০১ সালে পাকিস্তানের তৌফিক উমর মুলতান টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।  ২০০৩ সালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দলে অভিষেক ঘটে জ্যাক রুডলফের।  সে ম্যাচে সেঞ্চুরি করেন রুডলফ। একই বছর করাচিতে পাকিস্তানের ইয়াসির হামিদ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।  তাও আবার দুই ইনিংসেই।


সেঞ্চুরির পর এখনও অপরাজিত কাইল মায়ার্স।  তার ব্যাটে এখন জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।  


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪২ বলে খেলে ১২৯ রানে অপরাজিত কাইল মায়ার্স। ৫ উইকেটে ২৯৪ রান স্কোরবোর্ডে জমা করেছে সফরকারীরা।  অর্থাৎ জয় পেতে আরও ৯৭ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।


No comments:

Post a Comment

Pages